দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর মর্টার হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট নেগেভ দাগান (২০)। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তার বাড়ি দক্ষিণ ইসরায়েলের কৃষিভিত্তিক কমিউনিটি ডেকেলে।
আইডিএফ জানায়, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে দক্ষিণ লেবানন থেকে ছোড়া হিজবুল্লাহর একটি মর্টার শেল দাগানের ওপর আঘাত হানে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গত ২ মার্চ নতুন করে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৯ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর এটি ষষ্ঠ সেনা নিহতের ঘটনা।
নতুন করে শুরু হওয়া সংঘাতে দক্ষিণ লেবাননে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বেসামরিক ঠিকাদারও নিহত হয়েছেন।
এদিকে, হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি গোলাবর্ষণের ভুল আঘাতে উত্তরাঞ্চলে আরও একজন ইসরায়েলি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত আইডিএফ ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকে। শুক্রবার সকালে উত্তর ইসরায়েলের দিকে হিজবুল্লাহ একটি রকেট নিক্ষেপ করে। পরে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালায় ইসরায়েল।
আইডিএফ আরও জানায়, হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় সীমান্ত এলাকায় জাল বসানো হচ্ছে। বৃহস্পতিবার উত্তর ইসরায়েলের রোশ হানিকরা এলাকায় ড্রোন হামলায় চার বেসামরিক ব্যক্তি আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।